জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল সংগঠন শক্তিশালী করতে পঞ্চগড়ে একযোগে কর্মীসভা করছে বিএনপি। জেলার আটোয়ারী, সদর ও তেঁতুলিয়া উপজেলায় ইতোমধ্যে ২০৭টি ওয়ার্ডে সভা হয়েছে। শনিবার তেঁতুলিয়ার ৬৩ ওয়ার্ডে কর্মীসভা হচ্ছে। পরে পঞ্চগড় পৌরসভার ৯টি ওয়ার্ডেও অনুষ্ঠিত হবে। সব সভা বিকেল ৪টায় শুরু হয়ে রাত অব্দি চলে। এতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন, ৩১ দফা কর্মসূচি এবং ক্ষমতায় গেলে ১৮০ দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নওশাদ জমির বলেন, এই কর্মসূচির উদ্দেশ্য কেবল সভা নয়, তৃণমূল কর্মীদের চাঙ্গা করা এবং আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করা। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, ধারাবাহিক এই কর্মসূচি বিএনপির সাংগঠনিক গণতন্ত্র ও তৃণমূল ভিত্তি আরও শক্তিশালী করছে।

