অবৈধ গ্যাস ব্যবহার এবং চুরি রোধে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড দেশব্যাপী অভিযান পরিচালনা করেছে। গতকাল সাভার, সোনারগাঁও এবং গাজীপুরের জয়দেবপুর এলাকায় পরিচালিত তিনটি পৃথক অভিযানে বিপুল সংখ্যক অবৈধ আবাসিক ও বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে জড়িতদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে। সাভারের আশুলিয়ায় পরিচালিত অভিযানে ৩ টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়। প্রায় ১ কিলোমিটার অবৈধ বিতরণ লাইন ভেঙে ৩০০টি অবৈধ ডাবল বার্নার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর ফলে প্রতি মাসে প্রায় ১১ লাখ ৫৮ হাজার ৭২০ টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে। অভিযানে এইচ এম ওয়াশিং এন্ড এক্সেসরিজ এবং ডি এন্ড ডি ওয়াশিং প্ল্যান্ট নামের দুটি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যায়। এই প্রতিষ্ঠান দুটি থেকে যথাক্রমে ৫০ হাজার টাকা এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া, জামগড়ার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন ৫০টি অবৈধ আবাসিক বাড়িতেও অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার গঙ্গানগর নিউটাউনে পরিচালিত অভিযানে একটি অবৈধ চুন কারখানা এবং ৪০০টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত এলাকার প্রায় ১ কিলোমিটার অবৈধ পাইপলাইন উচ্ছেদ করা হয়। অভিযানে অবৈধ কারখানার ভাট্টিগুলো ভেঙে দেওয়া হয়। গাজীপুরের জয়দেবপুরে পরিচালিত অপর একটি মোবাইল কোর্টের অভিযানে পাঁচটি স্পটে প্রায় ২০০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। এই অভিযানে ৪৫টি অবৈধ আবাসিক দ্বিমুখী চুলা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যার ফলে প্রায় ৯৪৫ ঘনফুট গ্যাস চুরি ঠেকানো সম্ভব হয়েছে। মোট ৫টি মামলায় জড়িতদের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং গ্যাস চুরি রোধে সরকারের জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে।

