গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে সংযোগ নেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে আরিফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই আবিদ হোসেন আংগুর বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গত মঙ্গলবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি আবদুল হাকিম আজাদ। নিহত আরিফুল ইসলাম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের খামার মনিরাম গ্রামের আবদুর রশিদ মিয়ার ছেলে।
এ মামলার আসামিরা হলেন- নিহতের প্রতিবেশী হাজী আজাহার আলী, তার ২ ছেলে আলি আকবর ও আতিকুল ইসলাম। মামলা সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম গত বৃহস্পতিবার প্রতিবেশী মৃত মজিবুর রহমান মাস্টারের পুকুরে গোসল শেষে প্রতিবেশী হাজী আজাহার আলীর পানিসেচ মোটরের অবৈধ ও জরাজীর্ণ বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠায়। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

