ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) অন্যতম ইউনিট নিউ নেশনে রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবিতে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় দ্রুত ৮ম ওয়েজবোর্ড বাস্তবায়নের প্রতি জোর দাবী জানানো হয়। নিউ নেশন ইউনিট চিফ মোঃ মোশারেফ হোসেন সিকদারের সভাপতিত্বে এবং ডেপুটি ইউনিট চিফ মোঃ শিমুল হাসানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ডিইউজের কোষাধক্ষ্য খন্দকার আলমগীর হোসাইন, নির্বাহী কমিটির সদস্য গাজী আনোয়ার, আবদুল্লাহ মজুমদার এবং নিউ নেশন ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ।
নিউ নেশন পত্রিকার সিটি এডিটর আবুল কালাম বলেন, “ওয়েজবোর্ড বাস্তবায়ন ছাড়া কোনো পত্রিকা সরকারের সুবিধা পাওয়ার যোগ্য নয়। সাংবাদিক-কর্মকর্তা ও কর্মচারীদের অধিকার নিশ্চিত করা না হলে নিউ নেশনের রেট কার্ড বাতিল হতে পারে।”
ডিইউজের কোষাধক্ষ্য খন্দকার আলমগীর হোসাইন বলেন, “সাংবাদিকদের অধিকার আদায়ের যেকোনো আন্দোলনে মালিকপক্ষের কিছু দালাল চক্র কাজ করে। তাদেরকে উড়িয়ে দাবি বাস্তবায়ন করতে হবে। ডিইউজে নিউ নেশনে ওয়েজবোর্ড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলনের পাশে থাকবে।”
সভায় বক্তারা আরও বলেন, নিউ নেশন কর্তৃপক্ষ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত বা নস্যাৎ করতে অনাপত্তিপত্রের নামে হুমকি দিচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। গাযী আনোয়ার জানান, “ব্যক্তিগত স্বার্থের চেয়ে সামগ্রিক স্বার্থ রক্ষার জন্য ওয়েজবোর্ড বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
নিউ নেশন ইউনিট চিফ মোঃ মোশারেফ হোসেন সিকদার বলেন, “ওয়েজবোর্ড বাস্তবায়নের উপর ভিত্তি করেই নিউ নেশনের ভবিষ্যত নির্ধারিত হবে। মালিকপক্ষের প্রতি বিনীত অনুরোধ, সকলের স্বার্থে দাবি মেনে নিন।”
সভায় ফিচার এডিটর শেখ আরিফ বুলবন, স্পোর্টস ইন-চার্জ কামাল হোসেন বাবলু, কম্পিউটার ইন-চার্জ শাহ আলম, সিনিয়র রিপোর্টার মোঃ সাব্বির হাসান, চীফ রিপোর্টার রেজা মাহমুদ, সিনিয়র রিপোর্টার আল মামুন হারুন উর রশিদ সহ অন্যান্য সাংবাদিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

