ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের (রেজি: নং-৩১৮৫) কার্যনির্বাহী কমিটির নির্বাচন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। কোন প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় আজিজ-মনির-বজলু পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
নির্বাচন কমিশনার মোঃ কামাল উদ্দিনের নেতৃত্বে সহকারী নির্বাচন কমিশনার মোঃ হারুনর রশিদ ও মোঃ আক্তারজ্জামান নির্বাচন পরিচালনা করেন। এছাড়াও শ্রম অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক ফিরোজুর রশিদের নেতৃত্বে আরও ৪ জন কর্মকর্তা সহকারী পরিচালক আসাদুজ্জামান, শ্রম কর্মকর্তা কে.এম. শহিদ, শ্রম কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন ও শ্রম কর্মকর্তা মোখলেছুর রহমান নির্বাচনী কার্যক্রমে উপস্থিত ছিলেন। ইউনিয়নের হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে নির্বাচন কমিশন আজিজ-মনির-বজলু পরিষদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন মোঃ আজিজুল আলম খান, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন পাটোয়ারী এবং সাংগঠনিক সম্পাদক বজলুল করিম। বক্তব্যে সভাপতি মোঃ আজিজুল আলম খান বলেন, আজকের এই দিনটি ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের জন্য একটি স্মরণীয় দিন। গণতান্ত্রিক পন্থায় নির্বাচন সম্পন্ন হওয়ায় আমরা গর্বিত। ২৫ সদস্য বিশিষ্ট এ কার্যকরী কমিটি আগামী মেয়াদে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।

