স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও যে অবস্থায় আছে, তাতে জাতীয় নির্বাচন করতে সমস্যা হবে বলে মনে হয় না। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপদেষ্টা মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৩তম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন। বৈঠকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, চুরি-ছিনতাই এবং মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে উপদেষ্টা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে মেলানো ঠিক হবে না। ডাকসু নির্বাচনে যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার তারা সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত। জাতীয় পর্যায়ে কিন্তু এরকম হবে না, এটা হচ্ছে একটা মডেল। অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে, অবশ্যই এটা একটা মডেল। আমরা আশা করব নির্বাচনটা যেন ভালোভাবে হয়। জাতীয় নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা জাতীয় নির্বাচনে আমাদের প্রস্তুতি ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেছি। কীভাবে প্রস্তুতিটা নেব আর আমরা যে প্রশিক্ষণ গাইডলাইন করেছি সেটা যেন সবাই মেনে চলে। পুলিশসহ অন্যান্য বাহিনী তাদের প্রশিক্ষণ শুরু করে দিয়েছে। উপদেষ্টা বলেন, মাদক আমাদের সমাজের বড় শত্রু, ভবিষ্যৎ প্রজন্মটা নষ্ট করে দেবে যদি আমরা সবাই এটা দমন করতে না পারি। এজন্য আমি সবার সহযোগিতা চাইবো। মায়ানমার সীমান্তে চোরচালান রোধ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তবর্তী তাদের পুরা বর্ডার দখল করে রেখেছে। তাদের প্রধান আয় হলো মাদকের উপর। এখন কিছুটা কনভার্ট হয়েছে কৃষির উপর। মায়ানমার সীমান্তে প্রচুর পরিমাণ ইয়াবা ধরা পড়ছে বলে উপদেষ্টা উল্লেখ করেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

