বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন। গত রবিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় সাবিনা ইয়াসমিনকে উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট তুলে দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, “আজকে যাকে সম্মাননা দিচ্ছি, তিনি আমাদের কিংবদন্তি, সত্যিকারের গৌরব।”
আয়োজনে আরও বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
প্রায় ছয় দশক ধরে পেশাদার সংগীতজীবন পার করেছেন সাবিনা ইয়াসমিন। তবে অসুস্থতার কারণে দীর্ঘদিন তিনি গান থেকে দূরে ছিলেন। রোববারের এ আয়োজনে তিনি যেন ফিরেছিলেন চিরচেনা রূপে। অনুষ্ঠিত হয় তার একক সংগীতানুষ্ঠান। তার গান ও স্মৃতিচারণায় ভরে ওঠে পুরো সন্ধ্যা।
অনুষ্ঠান শেষে প্রদর্শিত হয় সাবিনা ইয়াসমিনের ওপর নির্মিত ডকুমেন্টারি ‘শুধু গান গেয়ে পরিচয়’।

