জয়পুরহাটের আক্কেলপুরে কুড়িগ্রাম এক্সপ্রেসের পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার ভোর পৌনে ৪টার দিকে আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে ভদ্রকালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় সাড়ে ৫ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকার পর সকাল সাড়ে ৯ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। লাইনচ্যুত হওয়ার পর ট্রেনটি পেছনের কয়েকটি বগি রেখে ৫টি বগি নিয়ে জয়পুরহাট স্টেশনে যায়। সকাল ৮টার দিকে পার্বতীপুর থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে এবং পরে লাইনচ্যুত বগি আক্কেলপুর স্টেশনে আনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, লাইনচ্যুত পাওয়ার কারটি ট্রেনের মাঝামাঝি অংশে ছিল। হলহলিয়া সেতুর আগে হঠাৎ বগিটি লাইনচ্যুত হয়ে যায়। এ সময় ধোঁয়া ও পোঁড়া গন্ধ বের হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় দেড় কিলোমিটার দূরে ভদ্রকালী এলাকায় ট্রেনটি থামে। এতে রেললাইনের বেশ কিছু স্লিপার ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় স্থানীয় মানুষ ও যাত্রীরা ভিড় করেন। রেলকর্মীরা উদ্ধারকারী ট্রেনের সহায়তায় লাইনচ্যুত বগিটি সরান। যাত্রী কামরুল হাসান মিঠু বলেন, তিলকপুর অতিক্রম করার পরই ধোঁয়া ও পোড়া গন্ধ পাই। পরে ভদ্রকালী এলাকায় গিয়ে দেখি পাওয়ার কার লাইনচ্যুত। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। তবে প্রায় দেড় কিলোমিটার স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আমাদের দুর্ভোগ পোহাতে হয়েছে।” সান্তাহার স্টেশন মাস্টার খাতিজা খাতুন বলেন, পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ করছে। দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, রাত ৩টা ১২ মিনিটে সান্তাহার স্টেশন থেকে ছেড়ে এসে কুড়িগ্রাম এক্সপ্রেস ভদ্রকালী এলাকায় লাইনচ্যুত হয়। বর্তমানে উদ্ধার কার্যক্রম শেষে লাইন পরিষ্কার এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিব জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ২৯৯ নম্বর পিলারের কাছে এসে লাইনচ্যুত হয়। আমরা দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছি এবং এখন রেল যোগাযোগ স্বাভাবিক।

