টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে কাদের সিদ্দিকীর একান্ত সচিব ফরিদ আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
এর আগে শনিবার দিনরাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ার নিজ বাস ভবনে এ ঘটনা ঘটে। এসময় কাদের সিদ্দিকী দুটি গাড়ি ও জানালা ভাঙচুর করা হয়। হামলার সময় কাদের সিদ্দিকী বাড়িতে অবস্থান করছিলেন।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগটি আমলে নিয়ে কাজ করছি আমরা। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হবে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

