জয়পুরহাটের কালাই উপজেলার বহুতী জিইউ আলিম মাদ্রাসায় সভাপতি নিয়োগে স্থানীয়দের মধ্য থেকে প্রার্থী নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকাল ১১টায় মাদ্রাসার মূল ফটকের সামনে সুশীল সমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয়দের শ্রম, অর্থ ও সহযোগিতায় প্রতিষ্ঠিত এ মাদ্রাসার সভাপতি অবশ্যই এলাকার যোগ্য ও সৎ ব্যক্তির হওয়া উচিত। বহিরাগত কাউকে দায়িত্ব দিলে প্রতিষ্ঠান পরিচালনায় জটিলতা তৈরি হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। মানববন্ধন শেষে প্রতিনিধিদল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাত আলীর কাছে স্থানীয় সভাপতির পক্ষে স্বারকলিপি জমা দেন। স্থানীয় আব্দুল করিম ফুরকান বলেন, “আমাদের শ্রম ও অর্থে গড়া মাদ্রাসার সভাপতির দায়িত্ব স্থানীয়দের হাতেই থাকা জরুরি। দুর্নীতিগ্রস্ত কাউকে আমরা এই প্রতিষ্ঠানে চাই না।” বহুতী গ্রামের সাবেক সদস্য আমজাদ হোসেন বলেন, “আগে স্থানীয় একজন সভাপতি হলেও তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। এখন আবার বহিরাগতকে সভাপতি করার চেষ্টা চলছে। আমরা চাই চার গ্রামের মধ্য থেকেই সভাপতি নির্বাচিত হোক।” মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। তারা সর্বসম্মতভাবে স্থানীয় সভাপতির দাবি জানান।

