ঢাকাThursday , 4 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুলাইয়ের হত্যার দায় স্বীকার করে ফের ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন

Link Copied!

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে ফের ক্ষমা চেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর জেরা মুখে তিনি এ কথা বলেন।
এদিন সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাবেক এই পুলিশ প্রধানকে জেরা করা হয়। জেরায় তিনি আরও জানান, ২০১৮ সালে নির্বাচনের ভোট কারচুপির সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের অনেককেই যখন বিপিএম এবং পিপিএম পদক দেওয়া হয়েছিল, তখন তিনিও পদক পেয়েছিলেন। তবে তাকে ঠিক কী কারণে পদক দেওয়া হয়, তা তিনি জানেন না।
জবানবন্দিতে আব্দুল্লাহ আল মামুন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে মারণাস্ত্র ব্যবহার করে নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়।
পুলিশের সাবেক আইজিপির দাবি, আন্দোলনে এতোটা নৃশংসতার বিষয়ে তার ধারণা ছিল না। এসব ঘটনায় তিনি লজ্জিত ও অনুতপ্ত বলেও আদালতকে জানান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ‘ওনার জবানবন্দিতেই উনি বলেছেন, আমি ব্যবস্থা নিইনি। আমার কারণে আমার অধস্তনরা অপরাধ সংগঠন করেছেন। তার দায় আমার। অ্যাপ্রুভারকে শাস্তি দেবেন কি দেবেন না, তার বক্তব্য কতটুকু গ্রহণ করবেন এটা ট্রাইব্যুনাল ঠিক করবেন।’
শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন বলেন, ‘অনেক মামলাতেই ক্ষমা হয় কিন্তু হত্যা মামলায় কোনো ক্ষমা হয় না। উনি যদি হত্যা করেই থাকেন, স্বীকারই যদি করেন, তাহলে ওনারও বিচার হওয়া উচিত। এটা আমি আনার চেষ্টা করছি যে আইজিপি নির্দোষ না। তিনি যাদের অপরাধী মনে করছেন, আমি মনে করছি তারা অপরাধী না।’