বাংলাদেশের কমিউনিস্ট পাবাংলাদেশের র্টি (সিপিবি) ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয়েছে ত্রয়োদশ জেলা সম্মেলন। ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এ সম্মেলন অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে। সম্মেলনের সূচনায় সকাল ১০টায় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য লাল পতাকা মিছিল বের করা হয়। এই মিছিলে সিপিবির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলে ছিল শ্লোগান “শোষণমুক্ত সমাজ চাই, বৈষম্যহীন সমাজ চাই” যা শহরের জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে এবং কর্মসূচিকে আরও উজ্জীবিত করে তোলে। সম্মেলনে সভাপতিত্ব করেন সিপিবি ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি ইয়াকুব আলী। সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেন অ্যাডভোকেট আবু সায়েম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলতাফ হোসাইন। সম্মেলনে নেতারা দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে কমিউনিস্ট পার্টির করণীয়, গণতন্ত্র পুনরুদ্ধার, শ্রমজীবী মানুষের অধিকার, মূল্যস্ফীতি ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার আহ্বান জানান। তারা বলেন, “দেশে ধনী-দরিদ্রের বিভাজন বাড়ছে, শ্রমিক ও কৃষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সক্রিয় ও শক্তিশালী করতে হবে।” সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন জেলা কমিটি গঠন নিয়ে আলোচনা হয় এবং গৃহীত হয় বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত। সিপিবির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, এই সম্মেলনের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে বামপন্থী আন্দোলন ও সংগঠনের ভিত আরও মজবুত হবে এবং ভবিষ্যতে সমাজতান্ত্রিক আদর্শ বাস্তবায়নের সংগ্রাম আরও গতিশীল হবে।

