কক্সবাজারের রামুতে ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা ও একটি মোটর সাইকেল সহ একজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪ টায় উপজেলার রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনার পাড়ায় বিশেষ এ অভিযান পরিচালনা করে স্থানীয় থানা পুলিশ। গ্রেফতারকৃত আবু তাহের (২৫) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকার সুলতান আহমদের পুত্র। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) মোঃ জসিম উদ্দীন চৌধুরী জানান, আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । তবে জেলা পুলিশ প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে কার নেতৃত্বে, কিভাবে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে তা তাৎক্ষণিক তা জানানো হয়নি। অন্যদিকে রামু থানার পক্ষ থেকেও এ ব্যাপারে কোন বক্তব্য পাওয়া যায়নি।

