ঢাকাTuesday , 2 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় শিপইয়ার্ড সড়কে চারা রোপণ করে কেডিএকে ‘লাল কার্ড’

খুলনা ব্যুরো
September 2, 2025 10:00 pm
Link Copied!

খুলনায় শিপইয়ার্ড সড়ক নির্মাণ প্রকল্পের কাজ চালুর দাবিতে সড়কে ধানের চারা রোপণ করে প্রতীকি প্রতিবাদ ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে (কেডিএ) লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা শাখা। কর্মসূচিতে খুলনার নাগরিক ও স্থানীয় রাজনৈতিক দলের নেতারা সংহতি প্রকাশ করেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে খানজাহান আলী (রূপসা সেতু) সেতুর পশ্চিম পাশে শিপইয়ার্ড সড়কে এ কর্মসূচি পালন করে খুলনা মহানগর নিসচা। নিসচা খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন। এ সময় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, খুলনা মহানগরীর অন্যতম ব্যস্ত সড়ক রূপসা ট্র্যাফিক মোড় থেকে খানজাহান আলী (র.) সেতু পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার পথ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ ১২ বছরেও সংস্কার না হওয়ায় বড় বড় গর্ত, উঁচু-নিচু ভাঙাচোরা রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। বক্তারা বলেন, নির্মাণ প্রকল্পের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্সের গাফিলতি ও অনিয়মের কারণে সড়কের কাজ শেষ হয়নি। কেডিএ ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করেছে। যতটুকু কাজ সম্পন্ন হয়েছে তাও নিম্নমানের। বর্তমানে সড়কটিতে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে পানি জমেছে। দুইপাশ খুঁড়ে বছরের পর বছর ফেলে রাখায় জনদুর্ভোগ চরমে উঠেছে। এক কথায় সড়কটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বক্তারা বলেন, প্রকল্প ধীরগতি ও ব্যর্থতার পরও কেন ঠিকাদারকে প্রায় ৭০ কোটি টাকা প্রদান করা হলো? কেন তাদের জবাবদিহির আওতায় আনা হলো না? বক্তারা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, শিপইয়ার্ড সড়ক প্রকল্প বাস্তবায়ন না হওয়ার দায় কেডিএ ও ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স এড়াতে পারে না। এ প্রকল্পের সঙ্গে যারা জড়িত সবার বিচার করতে হবে। সড়কটির নির্মাণ কাজ পুনরায় চালু করার দাবি জানানো হয়। অন্যথায় কেডিএ ও ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের বাড়ি ঘেরাও করার হুমকি দেন। বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার, বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, সাংবাদিক মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ।