আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ বিএনপি নেতা গোলাম মোস্তফা ডাকুকে গ্রেফতারের প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবীতে সাংবাদিক সম্মেলন করেছেন গাংনী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার সময় আসাদুজ্জামান বাবলুর গাংনী হাসপাতাল বাজারস্থ অফিসে এই সাংবাদিক সম্মেলন করেন তিনি। এ সময় গাংনী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাজাহান সেলিম, গাংনী পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুলেরী আলভী, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হুসাইন বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে আসাদুজ্জামান বাবলু বলেন, গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি যে, ইদানিং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিভিন্ন স্বার্থনেষী মহল অপচেষ্টা অব্যাহত রেখেছেন। অন্তবর্তি সরকার ঘোষিত জাতীয় নির্বাচনের রোডম্যাপ বানচাল করার জন্য আইনশৃংখলা পরিস্থিতির দোহায় দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অযাচিতভাবে চাঁদাবাজি, অস্ত্রবাজিসহ এ ধরণের মিথ্যা অভিযোগ এনে উদ্যেশ্যে প্রণোদিতভাবে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করছে। এই ধারাবাহিকতায় গাংনী পৌর বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক ও ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ডাকুকে নিজ বাড়ি থেকে গ্রেফতারের নাটক সাজানো হয়েছে। এ ধরণের অনাকাংখিত গ্রেফতার করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে। গোলাম মোস্তফা ডাকু বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথের লড়াকু সৈনিক। তার বিরুদ্ধে খুনি হাসিনা সরকার বিভিন্ন মিথ্যা অভিযোগে ১০ টি মামলা দায়ের করেছে। ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে বিভিন্ন মামলা করলেও এ ধরণের নাটক সাজিয়ে আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়নি। দলের নেতাকর্মীদের মনোবল ভেঙ্গে দেওয়া ও জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চাল করার জন্য এটি একটি গভীর ষড়যন্ত্র। জাতীয়তাবাদী দলের গাংনী উপজেলা ও পৌর শাখার এই অপ্রত্যাশিত এবং অনাকাংখিত গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অবিলম্বে গোলাম মোস্তফা ডাকুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং যাদের ষড়যন্ত্রে এই মিথ্যা নাটক সাজানো হয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ঠ বিভাগের কর্মকর্তাদের অনুরোধ জানান তিনি। এদিকে গোলাম মোস্তফা ডাকুকে গ্রেফতারের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দার ঝড় উঠেছে। তার গ্রেফতারকে সাজানো নাটক আখ্যায়িত করে বিভিন্ন ব্যক্তি পোষ্ট দিচ্ছেন। কেউ বলেছেন, গাংনীতে একই অস্ত্র দিয়ে র্যাব বারবার একাধিক ব্যক্তিকে চালান দিচ্ছে। যা ফ্যাসিবাদি সরকারের সময়ের সেই রুপ। কেউ কেউ তীব্র নিন্দা জানাচ্ছেন। উল্লেখ্য, গাংনী পৌর বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক ও ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ডাকুকে সোমবার ভোর রাত সাড়ে ৪ টার সময় তার নিজ বাড়ি চৌগাছা থেকে আটক করেন র্যাব ও সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী। এ সময় একটি বিদেশি পিস্তুল, ৩ রাউন্ড তাজা গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধারের দাবী করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সিপিসি-৩ মেহেরপুরের গাংনী ক্যাম্প। বেলা সাড়ে ৯ টার দিকে র্যাব-১২ গাংনী ক্যাম্পের পক্ষ থেকে ছবি ও তথ্য সরবরাহ করে এটি সাংবাদিকদের নিশ্চিত করেন তারা।

