বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর সাবেক সহ সভাপতি ও দৈনিক ‘সময়’ এর বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান (মাসুম মিজান) এর ওপর হামলা ও কামেরা ছিনতাইয়ের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ক্র্যাব। শনিবার (২৩ আগস্ট) ক্র্যাব কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এক বিবৃতিতে মাসুম মিজানের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। জানা গেছে, গত ২১ আগস্ট (বৃহস্পতিবার) বিকালে দৈনিক বাংলা মোড়ে মাসুম মিজানের ওপর হামলা ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন দুই নারী। সেখানে কর্তব্যরত ট্রাফিক সহায়তাকারীকেও নাজেহাল করেন ওই দুই নারী। উল্টা পথে যেতে বাঁধা দেওয়ার ঘটনায় সাংবাদিক মাসুম মিজান তাদের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তার ওপর হামলা ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে রুদ্র রূপ ধারণ করা নারীরা। ক্র্যাব নেতৃবৃন্দ সাংবাদিক মাসুম মিজানের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলাবাহীনির প্রতি আহ্বান জানান।

