ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল আজ। আজ আরও ৯৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। অন্যদিকে, জমা দিয়েছেন ১০৬ জন। বিকেল ৪টা পর্যন্ত চলে এ কার্যক্রম।
মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন।
তিনি জানিয়েছেন, আজকে ৯৩টি ফরম নিয়েছেন শিক্ষার্থীরা। এতে সর্বমোট ফরম বিক্রি হয়েছে ৬৫৮টি। এর মধ্যে আজকে জমা পড়েছে ১০৬টি। তবে হল সংসদের কতটি ফরম বিক্রি হয়েছে তা জানা যায়নি।
বুধবার (২০ আগস্ট) মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। তারপর জানা যাবে কোন পদে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ডাকসুতে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরা মনোনয়ন সংগ্রহ করেছেন। এখানে কেউ কোনো দলীয় পরিচয়ে মনোনয়ন নেননি। ভোটগ্রহণের আগের দিন পর্যন্ত কোনো প্রার্থীর নাম অপরাধীর তালিকায় পাওয়া গেলে প্রার্থিতা থেকে বাদ দেওয়ার সুযোগ আছে বলেও জানান তিনি।
এর আগে মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা আরও একদিন বাড়ায় নির্বাচন কমিশন। সোমবার (১৮ আগস্ট) ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
তফসিল অনুযায়ী, ডাকসুতে নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। পরদিন প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ জন ও ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। আর ভোট হওয়ার কথা ৯ সেপ্টেম্বর।

