ঢাকাThursday , 19 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে হাসিনা আহমেদের চিঠি

Link Copied!

Salauddun-Wife-3নিজস্ব প্রতিবেদক: স্বামী সালাহ উদ্দিন আহমেদকে সুস্থ অবস্থায় ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে চিঠি দিয়েছেন হাসিনা আহমেদ। বৃহস্পতিবার সকালে গণভবনের কর্মকর্তাদের হাতে এ চিঠি তিনি হস্তান্তর করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল  ১১টা ৪০ মিনিটে হাসিনা আহমেদ গণভবনের চার নম্বর গেইটে গিয়ে সেখানকার কর্মরত কর্মকর্তাদের হাতে চিঠিটি দিয়ে আসেন।
চিঠিটি হস্তান্তরের পর হাসিনা আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাতে এসেছি তিনি যেন আমার স্বামীকে খুঁজে বের করার ব্যবস্থা নেন। আমি বিশ্বাস করি উনিও একজন মা ও স্ত্রী। আমার মনোকষ্টের কথা প্রধানমন্ত্রী বুঝবেন।’
তিনি বলেন, ‘আমি আশা করি প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেবেন যাতে তাকে (সালাহ উদ্দিনন) জনসমক্ষে হাজির করে।’
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের ৪ নং গেইটে হাসিনা আহমেদ, সালাহউদ্দিন আহমেদের ছোট ভাই গিয়াসউদ্দিন আহমেদ ও তার স্ত্রী শামীম আরা জোৎস্না একটি লাল কারে করে আসেন। নিখোঁজ সালাহউদ্দিনের স্ত্রী সাবেক সাংসদ হাসিনা আহমেদ চিঠি গ্রহণ শাখায় চিঠিটি দেন। তার চিঠি গ্রহণ করেন গণভবনের অফিস সহকারি আবদুল হামিদ।
তিন পৃষ্ঠার টিঠিতে স্বামীকে খুঁজে পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে হাসিনা আহমেদ বলেন, ‘আপনার কাছে আকুল আবেদন, আমার পরিবার, আমার সন্তানদের কথা বিবেচনা করে প্রজাতন্ত্রের নাগরিক হিসেবে আমাদের আইনি ও সংবিধানিক অধিকার রক্ষার নিমিত্তে ও সর্বোপরি মানবিক কারণে আমার স্বামীকে খুঁজে বের করার জন্য আপনার সদয় হস্তক্ষেপ ও বিশেষ নির্দেশনা ও সহায়তা প্রার্থনা করছি।’
তিনি আরো লিখেন, ‘আমি এটাও নিবেদন করছি যে, আমার স্বামী যদি কোনো অপরাধ করে থাকেন অথবা তার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, তাহলে তাকে অবিলম্বে আদালতে সোপর্দ করে আইনি প্রক্রিয়ায় যথাযথ বিচার কার্যক্রম গ্রহণ করা হোক।’
স্মারকলিপিতে তিনি বলেন, ‘আমি আপনার (প্রধানমন্ত্রী) সাথে সাক্ষাৎ করে আমার কষ্ট ও আকাঙ্খার কথাগুলো আপনার কাছে সরাসরি বলতে চাই। আশা করি, শত ব্যস্ততার মধ্যে মহানুভবতার সাথে আমাকে সাক্ষাতের জন্য আপনার মূলবান সময় প্রদান করে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করবেন।’
রাজনৈতিক অস্থিরতার মধ্যে অজ্ঞাত স্থান থেকে এক মাসের বেশি সময় ধরে বিএনপির পক্ষ থেকে বিবৃতি পাঠিয়ে আসছিলেন দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। গত ১০ ফেব্রুয়ারি রাতে গোয়েন্দা পুলিশের পরিচয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবারের অভিযোগ। তবে সরকারের পক্ষ থেকে এ অভিযোগ নাকচ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়নি। তবে তাকে আটক করতে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ নিয়ে সালাহ উদ্দিনের স্ত্রী সংবাদ সম্মেলন করেছেন, হাইকোর্টে গেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এবার সর্বশেষ আশ্রয় হিসেবে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১২ সালে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনাও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার হস্তক্ষেপ চেয়েছিলেন। কিন্তু তিন বছরেও সেই রহস্যের কূলকিনারা হয়নি।