ঢাকাWednesday , 13 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘের জলবায়ু উপদেষ্টা পরিষদে বাংলাদেশি ফারজানা ফারুক ঝুমু

Link Copied!

বাংলাদেশের তরুণ জলবায়ু কর্মী ফারজানা ফারুক ঝুমু জাতিসংঘ মহাসচিবের জলবায়ু পরিবর্তনবিষয়ক যুব উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে বুধবার (১৩ আগস্ট) জাতিসংঘের ওয়েবসাইটে তৃতীয় দফার সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। এ দফার কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে এবং এটি জাতিসংঘের ‘ইউথ ২০৩০ স্ট্র্যাটেজি’ ও ‘আওয়ার কমন অ্যাজেন্ডা’র অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।
সারা বিশ্বের বিভিন্ন যুব ও জলবায়ু সংস্থা থেকে মনোনীত প্রার্থীদের মধ্য থেকে এই পরিষদের সদস্যরা নির্বাচিত হয়েছেন। তারা মহাসচিবকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাস্তবসম্মত ও ফলাফলকেন্দ্রিক পরামর্শ প্রদান করবেন।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জলবায়ু পরিবর্তন নিয়ে তরুণদের কণ্ঠকে আরও শক্তিশালী করতে এবং বিশ্বজুড়ে সুশীল সমাজের কাজের সুযোগ সংকুচিত হওয়ার প্রবণতার মধ্যে এই পরিষদের সদস্য সংখ্যা ৭ থেকে ১৪-এ বৃদ্ধি করেছেন।
ফারজানা ফারুক ঝুমু বাংলাদেশের জলবায়ু আন্দোলনের একজন সক্রিয় কণ্ঠস্বর। তিনি ‘কাঠপেন্সিল’ নামে একটি উদ্যোগের সহ-প্রতিষ্ঠাতা, যা শিশুদের অধিকার, লিঙ্গ সমতা এবং জলবায়ু সংকট মোকাবিলায় কাজ করে। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে থাকাকালীন জলবায়ু-প্রভাবিত অঞ্চলের শিশুদের দুর্দশা দেখে তিনি এই আন্দোলনে সক্রিয় হন।
পরবর্তী সময় তিনি ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনে যোগ দেন এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ ও এলাকার সঙ্গে সমন্বয়কের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ‘পিপলস ক্লাইমেট ডিপ্লোমেসি প্রোগ্রাম’-এর প্রোগ্রাম সমন্বয়কারী হিসেবে কাজ করছেন। এই উদ্যোগটি তরুণ জলবায়ু কর্মীদের বৈশ্বিক আলোচনায় কার্যকরভাবে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করে।
ফারজানা পূর্বে ইউনিসেফ বাংলাদেশের যুব দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং ২০২১ সালের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ২৬)-এ অংশগ্রহণ করেন।