বুধবার (৩০ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আলমগীর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ হিসেবে চিহ্নিত অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয় বলে জানানো হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, গণপূর্ত অধিদফতরের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মনিরুজ্জামান মনি, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) আবদুল্লাহ আল মামুন, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোছা. রাহানুমা তাজনীন, নির্বাহী প্রকৌশলী (ই/এম) ফারহানা আহমেদ, সহকারী প্রকৌশলী (সিভিল) মফিজুল ইসলাম এবং স্থাপত্য অধিদফতরের সহকারী স্থপতি শিরাজী তারিকুল ইসলাম।
যে কারণে বরখাস্ত
উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মনিরুজ্জামান মনি টরন্টো বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল প্রোগ্রামে অংশ নিয়ে ছুটি শেষে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর কর্মস্থলে ফিরে আসেননি। এ কারণে চলতি বছরের ২১ এপ্রিল তাকে বরখাস্ত করা হয়। আবদুল্লাহ আল মামুন পিএইচডি শিক্ষার প্রেষণ শেষে ২০২৩ সাল থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ কারণে চলতি বছরের ১৫ মে তাকে বরখাস্ত করা হয়েছে। আর রাহানুমা তাজনীন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াইয়োমিং থেকে পড়াশোনা ও ছুটি শেষে কর্মস্থলে অনুপস্থিত থাকায় বরখাস্ত হয়েছেন। তাকে বরখাস্ত করা হয় চলতি মাসের ২ জুলাই। ফারহানা আহমেদ কানাডার রায়ারসন বিশ্ববিদ্যালয়ে কোর্স শেষে কর্মস্থলে না ফেরায় বরখাস্ত হয়েছেন চলতি মাসের ৮ জুলাই থেকে। মফিজুল ইসলামকে প্রেষণোত্তর অনুপস্থিতির কারণে চলতি মাসের ২৭ জুলাই চাকরিচ্যুত করা হয়। এ ছাড়া শিরাজী তারিকুল ইসলাম ২০২২ সালের ১২ মে থেকে অনুপস্থিত থাকায় তাকে বরখাস্ত করা হয় গত ২১ তারিখে। এ সকল কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী চাকরি হতে বরখাস্ত করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

