ঢাকাSunday , 27 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ড. ইউনূসের বিরুদ্ধে মানহানি মামলা বাতিলের রায় বহাল

Link Copied!

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নামে মানহানির অভিযোগে হওয়া মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে রোববার (২৭ জুলাই) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আজ (রোববার) রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক রুশদ হক (অনিক আর)। ড. ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী (অ্যাডভোকেট অন রেকর্ড) তৌফিক হোসেন।
পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক বলেন, রাষ্ট্রপক্ষের আপিল (লিভ টু আপিল) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
এর আগে, এক বক্তব্যকে কেন্দ্র করে মানহানির অভিযোগে ২০১০ সালে গ্রামীণ ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ড. ইউনূসের নামে মামলাটি করা হয়। মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০১১ সালে তিনি হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট গত বছরের ২৪ অক্টোবর মামলাটির কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন।
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে, যা গত ২ জুলাই আপিল বিভাগের চেম্বার জজ আদালতে ওঠে। সেদিন চেম্বার জজ আদালত লিভ টু আপিলটি ২৭ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। এর ধারাবাহিকতায় বিষয়টি আপিল বিভাগের কার্যতালিকায় শুনানির জন্যে ওঠে।