ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাস ও মাহেন্দ্র সংঘর্ষে ছেলে ও বাবাসহ ৩ যাত্রী নিহত। গুরুতর আহত আরও ৬জন। বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের দত্তপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুরা গ্রামের আব্দুস ছোবহান ও তার ছেলে সবুজ মিয়া এবং দড়িপাঁচাশি গ্রামের মৃত আহাম্মদ আলীর মেয়ে কোহিনুর সুলতানা। আহতরা হলেন- সাব্বির, শিউলি, রফিকুল ইসলাম, আব্দুল গণি, রমজান আলী, শাহীন। খবর পেয়ে ঘটনাস্থলে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস একটি টিম এসে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাহেন্দ্রটি ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জের দিকে আসছিলো এবং পৌর এলাকার দত্তপাড়া এলাকায় পৌঁছালে এ সময় সিলেট থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাসের সাথে মাহেন্দ্র সরাসরি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রতে থাকা ছেলে ও বাবাসহ ৩জন ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আহত হন আরো ৬জন। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম এসে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং আমাদের আইনগত ব্যবস্থাও চলমান।

