নিজস্ব প্রতিবেদক : ২০ দলীয় জোটের পক্ষে অজ্ঞাত স্থান থেকে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে স্পষ্ট করেছেন অপর যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এর জায়গায় তিনিই দায়িত্ব পালন করছেন।
সাধারণত বিএনপি-জামায়াত জোটের পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সই করা বিবৃতি-বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হতো।
টানা আন্দোলনের শুরুর দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রিজভী আহমেদ গ্রেপ্তার হওয়ার পর কার্যত মুখপাত্র সংকটে পড়ে বিএনপি ও ২০ দলীয় জোট।
রিজভী আহমেদকে আটকের পর অজ্ঞাত স্থান থেকে ২০ দলের মুখপাত্র হিসেবে সালাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমে বিবৃতি-বিজ্ঞপ্তি পাঠাতেন। গত রোববার থেকে তিনি এখনও পর্যন্ত নিঁখোজ রয়েছেন। তার পরিবার ও জোটের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী আত্মীয়ের বাড়ি থেকে সালাহ উদ্দিন আহমেদকে তুলে নিয়ে অস্বীকার করছে।
সালাহউদ্দিন নিঁখোজের প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে ২০ দলের পক্ষে বিবৃতি দেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
ওই সময় তার কাছে জানতে চাওয়া হয়েছিলো ২০ দলের পরবর্তী মুখপাত্র কে হবেন? তখন তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছিলেন।
অবশেষে শনিবার সকালে অজ্ঞাত স্থান থেকে পুনরায় ৭২ ঘণ্টা হরতালের ঘোষণা জানিয়ে পাঠানো ২০ দলেীয় জোটের বিবৃতিতে বুলু স্বাক্ষরের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনিই এ জোটের নতুন মুখপাত্র।
অন্যদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, বরকত উল্লাহ বুলু গ্রেফতার হলে তারও বিকল্প রয়েছে দলটিতে।

