কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র সমাবেশ শুরু হয়েছে। বুধবার (২৮ মে) বিকাল ৩ টায় এই সমাবেশ শুরু হয়েছে। তবে সকাল থেকেই রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকা রূপ নিয়েছে জনসমুদ্রে। অনেকের হাতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। কেউ কেউ নেচে-গেয়ে স্লোগানে স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তুলেছেন নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ। যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্নার সভাতিত্বে এতে আরও বক্তব্য রাখবেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক মোহম্মদ নুরুল ইসলাম নয়ন ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। যৌথভাবে সঞ্চালনায় রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

