গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনী ও পুলিশের পৃথক তিন অভিযানে হ্যাকিং কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন, ২ আওয়ামী লীগ নেতা, মাদকদ্রব্য, ধান কেটে নিয়ে নিয়ে যাওয়া, ওয়ারেন্টের আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার বিকালে এ তথ্য নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগাছি কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা হ্যাকিং কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চন্ডিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে একরামুল হক, সাবগাছি কালিকাপুর গ্রামের রজব আলীর ছেলে মেনারুল ইসলাম এবং তাজপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রকি ইসলাম। এদিকে, গত শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ও রাত ২টার দিকে দরবস্ত ইউনিয়নে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে পতিত আওয়ামী লীগের দুইজন নেতাকে তাদের বসতবাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তারা হলেন উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে ইউনিয়ন যুবলীগের সদস্য মমিনুল ইসলাম এবং দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী মিয়াপাড়া গ্রামের মৃত আবু মোত্তালিবের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর কবির রঞ্জু। এদের মধ্যে আওয়ামী লীগ নেতা মমিনুল সুদারু তার সহযোগী এনামুলকে নিয়ে দলের প্রভাব খাটিয়ে মহিমাগঞ্জ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড খুলে বিভিন্ন মেয়াদে প্রকল্পের নামে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে এলাকার সাধারণ গরিব ৩০০ গ্রাহকের ৫ কোটি টাকা আত্মসাৎ অভিযোগে ইতোপূর্বে উপজেলা নির্বাহী অফিসার ও সমবায় অফিসার থানায় অভিযোগ দায়ের হয়। তাদের বিরুদ্ধে তালুককানুপুর ইউনিয়নের জামালপুর হাটে ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা রয়েছে। অপরদিকে, গত শনিবার বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি পুলিশের দল মাদকদ্রব্যসহ আশরাফি আক্তার ইতি (২৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস নেশাজাতীয় অবৈধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আশরাফি আক্তার ইতি উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামের বাবু মিয়ার স্ত্রী।

