ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জমে আছে হাঁটুপানি। এর ফলে পানির ভেতর দিয়েই অফিসে প্রবেশ করতে হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রতিবন্ধী ভাতা কিংবা বিভিন্ন অনুদান নিতে আসা নারী, বৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষমদের। ফলে সেবা নিতে আসা ব্যক্তিদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। প্রতিবছর বর্ষা মৌসুম আসলে এমন অবস্থার সৃষ্টি হলেও স্থায়ী কোন সমাধান হয়নি এখনও। সরেজমিনে দেখা গেছে, উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জমে আছে পানি। পানির ভিতর দিয়েই অফিসে ঢুকছেন সেবা গ্রহীতা ও অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। আর পানিতে কারও কাপড় ভিজে যেতেও দেখা গেছে। সেবা গ্রহীতাদের অভিযোগ, বছরের এই সময় আসলেই বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় অফিসের সামনের অংশে। কিন্তু এতদিনেও জলাবদ্ধতা রোধে কার্যকর কোন ভূমিকা গ্রহণ করেননি কর্তৃপক্ষ। সেবা নিতে আসা শহিদুল ইসলাম নামের এক প্রবীণ ব্যক্তি বলেন, ‘বয়স হয়েছে, ঠিকমতো হাঁটতেই পারি না। এর মধ্যে হাঁটু পানি পেরিয়ে অফিসের ভেতরে যাওয়া খুব কষ্টকর। সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তি বাড়ছে।’ একই অভিযোগ করলেন আফরিনা আক্তার নামের এক নারী। তিনি বলেন,‘ভাতার কাগজ জমা দিতে এসেছিলাম। বৃষ্টির পর চারপাশে কাঁদামাটি আর পানি। শরীর ও কাপড় ভিজে গেছে।’ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, বিষয়টি আমাদেরও জানা আছে। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুত জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়ার জন্য পৌরসভাকে অনুরোধ করা হয়েছে। মহেশপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী খালিদ হাসান বলেন, ড্রেনেজ সমস্যা চিহ্নিত করা হয়েছে। বাজেট বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।

