ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশানগাঁও গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। রবিবার (২৫ মে) রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে শাহারুল ইসলামের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। দ্রুতগতিতে ছড়িয়ে পড়া আগুনে অন্তত আটটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রাণ হারিয়েছে চারটি গরু ও দুটি ছাগল। ক্ষতিগ্রস্ত চার পরিবারগুলোর দাবি, এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চারটি পরিবারের সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, ঘরে জ্বালানো মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষতিগ্রস্ত শাহারুল ইসলাম বলেন, “গরুর ঘরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ চিৎকার শুনে বাইরে বেরিয়ে দেখি আমার গরুগুলো আগুনে দগ্ধ হয়ে ছটফট করছে। কিছুই আর রক্ষা করতে পারিনি।”অন্য ক্ষতিগ্রস্ত খালেক বলেন, “আমার একমাত্র ভরসা ছিল গরুটি। আগুনে গরু তো পুড়েছেই, ঘরবাড়িও শেষ হয়ে গেছে। এখন পরিবার নিয়ে কোথায় থাকব, বুঝতে পারছি না।”মুসলিম উদ্দিন ও তোসলিম উদ্দিন জানান, তাদের ঘরে সংরক্ষিত ধান, চাল, জামাকাপড়, বিছানাপত্রসহ প্রয়োজনীয় সব জিনিসপত্র আগুনে পুড়ে গেছে। “আমাদের কিছুই অবশিষ্ট নেই,” বলেন তারা। ঘটনার পরপরই গেদুড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক খাদ্য ও বস্ত্র সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তাদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থাও করা হচ্ছে।

