জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার ভোররাতে পিংনা ইউনিয়নের নলসন্ধা গ্রামে ২৬ বীর ইউনিটের একটি সেনা টহল দল এই অভিযান পরিচালনা করে। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ২টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালিত হয়। ২৬ বীরের বিএ-১১৮২১ লেফটেন্যান্ট শাহরিয়া তালুকদার রিফাতের নেতৃত্বে সেনা সদস্যরা সুভাষ সরকারের বাড়িতে তল্লাশি চালান। অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৫,৫০০ টাকা এবং দুটি লাইটার উদ্ধার করা হয়। আটককৃত সুবাস সরকার দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত বলে জানা যায়। তাছাড়া তার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত মোট ৯টি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে সিরাজগঞ্জে একটি খুনের মামলা, ধনবাড়ি ও জামালপুর সদর থানায় চুরি মামলা এবং সরিষাবাড়ী থানায় একটি মাদক মামলা। এছাড়াও তার বিরুদ্ধে ৪টি গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। সেনা অভিযান শেষে সকাল ৭টা ৪০ মিনিটে তাকে সরিষাবাড়ী থানার এসআই রফিকুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

