বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, অন্তর্বর্তী কালীন সরকারের দীর্ঘ নয় মাসে আমরা দেখেছি একটি মহল এবং এই সরকারের উপদেষ্টাদের কারো কারো ভিতরে ক্ষমতার মোহ ঢুকে গেছে। তাদের নিজেদের ভিতরে ক্ষমতার লোভের কারণেই আজ দেশে বিশৃঙ্খলা তৈরি হয়েছে।
তিনি বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি লড়াই করেছি, এই ধরনের বিশৃঙ্খলা দেখার জন্য নয়। আমরা বাংলাদেশকে নতুনভাবে স্বৈরাচার মুক্ত করেছি এই পরিস্থিতি দেখার জন্য নয়। কারণ বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান আজ অস্থিতিশীল অবস্থায় রয়েছে। শনিবার ২৪ মে পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যৌথ সভায় আমিনুল হক এসব কথা বলেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না। এ দেশের গণতন্ত্রকামী মানুষ সব ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।
জনগণ একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, আমরা যখনই নির্বাচন নিয়ে কথা বলি, তখনই অন্তর্বর্তী কালীন সরকারের উপদেষ্টাদের গায়ে জ্বালা ধরে যায়। তারা রাষ্ট্র সংস্কার এবং স্বৈরাচারের বিচারের নামে অজুহাত করে নির্বাচনকে পিছানোর অপচেষ্টা করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, তবেই দেশে স্থিতিশীলতা ফিরে আসবে।
তিনি আগামী ২৮ মে ঢাকায় তারুণ্যের সমাবেশকে সফল করতে বিএনপি পরিবারের সবাইকে ব্যাপক প্রস্তুতির আহ্বান জানান। তরুণদের চিন্তা ভাবনাকে প্রাধান্য দিতে হবে দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশের সাড়ে ৩ কোটি তরুণ ভোটার বিগত নির্বাচনে ভোট দিতে পারেনি। কারণ ফ্যাসিস্ট সরকার দেশে সুষ্ঠু নির্বাচন করেনি। তিনি আরও বলেন, বর্তমানে ভোটার হালনাগাদেও তরুণ ভোটার বেড়েছে। যে কারণে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন দরকার। যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছেন। আমিনুল হক বলেন, আগামীর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে তরুণদের কাজে লাগাতে হবে। তারাই আমাদের শক্তি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল উল্লেখ করেন তিনি বলেন, গত ১৭ বছর বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে। তিনি আরও বলেন, পতিত স্বৈরশাসক সকল সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। দীর্ঘ বক্তব্য প্রদানকালে তিনি আরও বলেন, অত্যন্ত বিনয়ী ও ভদ্র ব্যক্তিরাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সুতরাং সকলকে ভালো ব্যবহার ও আচরণে প্রমাণ করতে আমরাই শহীদ জিয়ার হাতে গড়া দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত। আমরা এমন কোন আচরণ করবো না যাতে কােন মানুষ আহত হন। এছাড়া আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালনে ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্তর্গত ৭১টি ওয়ার্ডে দুঃস্থদের মাঝে খাবার ও পরিধেয় বস্ত্র বিতরণ কর্মসূচী পালনের নির্দেশ প্রদান করেন আমিনুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এবিএমএ রাজ্জাক। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সকল যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ এবং ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

