ঝিনাইদহের শৈলকূপায় বিদ্যুৎস্পৃষ্টে ফজলুর রহমান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ফজলুর রহমান ওই গ্রামের মৃত জব্বার বিশ্বাসের ছেলে। মৃত ফজলুর রহমানের স্বজনরা জানায়, ফজলুর রহমান দুপুরে মাঠ থেকে ঘাস কেটে বাড়িতে ফেরেন। এরপর বাড়িতে সেচ পাম্পের ঘরে গিয়ে বিশ্রাম নেন তিনি। বিশ্রাম নেয়ার সময় ঘরের দেয়ালে হেলান দিলে তিনি বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারান। পরে পরিবারের লোকজন তার সাড়াশব্দ না পেয়ে সেচপাম্পের ঘরে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন।

