নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ফকিরপাড়ায় ঘর নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) দুপুরের দিকে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয়রা জানায়, পরিবারটির সদস্যরা সকলে মিলে তাদের নির্মাণাধীন বাড়ির কাজে অংশ নিচ্ছিলেন। হঠাৎ করে বাঁশ বা খুঁটি (পই) লাগানোর সময় ঘরের মধ্যে থাকা একটি পুরনো বৈদ্যুতিক তার ছিঁড়ে তাদের ওপর পড়ে যায়। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মোহাম্মদ বাবু (৬৩) এবং শাবনা (২৯)। গুরুতর আহত অবস্থায় ওয়াতোন (৫০)-কে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চাপড়া সরমজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম শাহ ফকির এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। একই পরিবারের তিনজনের এমন অকাল মৃত্যু মেনে নেওয়া কঠিন। আমরা নিহতদের পরিবারের পাশে আছি এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের চেষ্টা করছি। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

