গোপালগঞ্জে বাসের ধাক্কায় রবি সরকার নামে এক মোটরসাইকেল আরোহী ফার্নিচার ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেল চালক মিল্টু বিশ্বাস। দুর্ঘটনার পর ঘাতক বাসটিতে আগুন দেয় বিক্ষুব্ধরা। মঙ্গলবার (২০ মে) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার সাতপাড় বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবি মুকসুদপুর উপজেলার বাককুড়া গ্রামের মৃত সুনীল সরকারের ছেলে। তিনি গোপালঞ্জ শহরের একজন ফার্নিচার ব্যবসায়ী ছিলেন। বৌলতলী তদন্ত কেন্দ্রের আইসি আফজাল হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী নয়ন পরিবহনের একটি বাস দুপুর ১২টার দিকে সাতপাড় এলাকায় থামিয়ে যাত্রী উঠাচ্ছিল। বাসটির পিছনে মোটর সাইকেল থামিয়ে দাড়িয়ে ছিল রবি ও মিন্টু। এ সময় পিছন দিক থেকে আসা টেকেরহাটগামী রিয়াদ পরিবহনের একটি লোকাল বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুটি বাসের মধ্যে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী। ঘটনাস্থলেই নিহত হয় রবি। গুরুতর আহত হয় অপর আরহী মিন্টু । তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর ওই সড়কে প্রায় ১ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুপুর ১টার দিকে যান চলাচল শুর হয়।

