জয়পুরহাটের কালাই উপজেলার পার্বতীপুর-শিবসমুদ্র সড়কের সংস্কার কাজ প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) অধীন এ রাস্তা সংস্কারের দায়িত্ব পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স আমান ট্রেডিং কাজ শুরু করলেও কিছু অংশ খুঁড়ে রেখে উধাও হয়ে যায়। ফলে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে জমে থাকা কাদা ও জলাবদ্ধতার কারণে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলজিইডি সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পার্বতীপুর-শিবসমুদ্র ইটবিছানো সড়কের উন্নয়নে ৫৩ লাখ ৬১ হাজার ৩২৪ টাকার প্রকল্প অনুমোদিত হয়। কাজটির চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ২০ আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে মেয়াদ বাড়ানো হয়। কিন্তু দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে। সরেজমিনে দেখা গেছে, গত ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রায় অর্ধ কিলোমিটার রাস্তার ইট তুলে মাটি খুঁড়ে রেখে চলে যায়। রাস্তার দুই পাশে জমে থাকা খোঁড়াখুঁড়ির মাটি সড়কটিকে ড্রেনের মতো পরিণত করেছে। ফলে একটু বৃষ্টি হলেই সড়কটি চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়ে। এতে কৃষকসহ সাধারণ মানুষদের যানবাহনে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা উজ্জল, ইউসুফ, জাহেদুল, ছোহরাব, ছানা ও ছামছুল জানান, কাজের নামে রাস্তা খুঁড়ে রেখে তাদের সীমাহীন দুর্ভোগে ফেলে দেওয়া হয়েছে। তারা অভিযোগ করেন, ঠিকাদার এবং এলজিইডি কর্মকর্তাদের গাফিলতি ও দুর্নীতির কারণেই এই ভোগান্তি। এ বিষয়ে মেসার্স আমান ট্রেডিং এর ম্যানেজার আজিজুল হক বলেন, রাস্তাটি নিয়ে অফিসিয়াল কিছু জটিলতা ছিল। এক সপ্তাহ আগে সমস্যার সমাধান হয়েছে। ঈদের পরপরই কাজ আবার শুরু করবো। কালাই উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, রাস্তাটির চেইনেজ সমস্যা ছিল, যার কারণে বিলম্ব হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ফাইল ঢাকায় পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত সমাধান হবে।

