কেশবপুর উপজেলার বেলোকাটি গ্রামে ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। সে স্থানীয় গড়ভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার পিতা একজন ভাংড়ী ব্যবসায়ী। সোমবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে এলাকার লম্পট সোহরাব মোড়ল (৫৮) জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ব্যাপারে মঙ্গলবার কেশবপুর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সকালে ওই ছাত্রীর পিতা কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে চলে যায় এবং তার মাও পার্শ্ববর্তী চাচাত দেবর বিল্লালের বাড়িতে কাজে যায়। সেই সুযোগে বেলোকাটি গ্রামের সোহরাব মোড়ল ওই ছাত্রীকে ঘরের বারান্দা হতে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করতে থাকে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে সোহরাব মোড়ল পালিয়ে যায়। পরে ওই ছাত্রী বিষয়টি তার মায়ের কাছে বিস্তারিত খুলে বলে। মঙ্গলবার সকালে ছাত্রীর পিতা বাদী হয়ে সোহরাব মোড়লের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। যার মামলা নং ১৩। এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ধর্ষন চেষ্টার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং ওই ছাত্রীর জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরার চেষ্টাও অব্যাহত রয়েছে।

