ঢাকাMonday , 19 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামপালে চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা

Link Copied!

চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন বাপ্পি শেখ নামের একজন দিনমজুর। আহতকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। আহত বাপ্পি শেখ ওই এলাকার ফারুক শেখের ছেলে। আগেও একবার অভিযুক্তরা বাপ্পি শেখের উপর হামলা চালিয়েছে। বুধবার সকাল সাতটায় উপজেলার বাঁশতলী মুক্তার পুকুর পাড় এলাকায় আবারো তার ওপর হামলার ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়। স্থানীয়রা আরও জানায়, এলাকার রুস্তম আলীর ছেলে তারিকুল ইসলামের কাছে মৎস্য খামার সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন ওই এলাকার সাবেক যুবলীগ ও নতুন বিএনপি নেতা রানা সরদার, রাকিবুল সরদার, কাঞ্চন সরদার, মামুন শিকদার, শেখ আফজাল, শেখ জুবায়ের, শেখ সাগর, শেখ শাকিব ও মোহাম্মদ ফরিদসহ চার পাঁচ জনের একটি সন্ত্রাসী বাহিনী। ঘটনার দিন সকাল সাতটায় ঘটনাস্থল মুক্তার পুকুরপাড় এলাকায় বাপ্পি শেখকে একা পেয়ে তার চাচা তারিকুল ইসলাম কোথায় এবং চাঁদার টাকা কেন দিচ্ছে না বলে তার উপর হামলা চালায়। ঘটনাস্থলেই বাপ্পি শেখ গুরুতর জখম হয় এবং তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। জানতে চাইলে তারিকুল ইসলাম বলেন, একটি মৎস্য খামার নিয়ে অভিযুক্তদের সাথে আমার বিবাদ রয়েছে। কয়েকদিন আগে তারা আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে কালিগঞ্জ বাজারে আমার দোকান বন্ধ করে দেয়। পরে তাদের ২০ হাজার টাকা দিয়ে আমি দোকান খুলি। বিষয়টি জানতে পেরে আমার ভাইপো বাপ্পি বাকি টাকা দিতে নিষেধ করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বাপ্পিকে রাস্তায় একা পেয়ে কুপিয়ে ও মারপিট করে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে রামপাল থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি। শুধু মৌখিকভাবে শুনেছে। এ ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রধান অভিযুক্ত রানা সর্দার বলেন, বাপ্পি শেখের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তার পেশা চুরি করা। তাকে মারপিটের অভিযোগ মিথ্যা। আমরা তাকে মারপিট করিনি। কিভাবে সে তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন তা আমরা জানি না। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আতিক হাসান বলেন, এ ঘটনায় আমার কাছে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।