পর্যটন নগরী কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউপির গোমাতলীতে নদীতে ভেসে যাওয়ার ১৮ ঘন্টা পর এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এতে কিশোরের পরিবার ও এলাকাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রবিবার (১৮ মে) দুপুরের দিকে গোমাতলী ৯নং ওয়ার্ডের বাসিন্দা আবুল হাশিমের ছেলে তামিম(১৪) নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। তামিমের নিখোঁজের খবর পেয়ে তার মা-বাবা ও স্থানীয়রা উদ্বেগ-উৎকন্ঠায় সারারাত পার করলেও কোন খোঁজ না পাওয়ায় সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে। পরদিন সোমবার (১৯ মে) সকাল পৌনে ৮টার দিকে অপেক্ষমান স্বজনদের সামনে নদীতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করেন। স্থানীয়রা জানান, মাছ ধরার সময় সে একা একটি মাছ ধরার জাল ও মাছ রাখার ডুলা নিয়ে নদী পার হওয়ার চেষ্টা করছিল। হঠাৎ করে পানির প্রবল স্রোতে সে তলিয়ে যায়। সঙ্গে থাকা আরেক কিশোর ঘটনা দেখে চিৎকার দিলে লোকজন ছুটে আসে এবং খোঁজাখুঁজি শুরু করে।
রাতভর তল্লাশি চললেও তামিমের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন সকালে নদীতে তার মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে। তামিমের এই করুণ মৃত্যু যেন পুরো গ্রামকে স্তব্ধ করে দিয়েছে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মছিউর রহমান ঘটনা শুনেছেন বলে জানান। স্থানীয় ওয়ার্ড মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

