ভারতে পালানোর সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদ (৪২) কে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১২ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তার নামে বিষ্ফোরকসহ কয়েকটি মামলা রয়েছে। দালাল চক্রের মাধ্যমে ভারতে পালানোর চেষ্টা করছিলেন তিনি। আটক যুবলীগ নেতা জামিল আহম্মেদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জয়নাল আবেদীনের ছেলে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের (ওসি) ইব্রাহিম খলিল জানান, জামিল আহম্মেদ নামে ঐ পাসপোর্টধারী ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে তার আচরণ সন্দেহজনক মনে হয়। এসময় তার এলাকায় ফোন দিলে পুলিশ জানায় তার নামে ৫ আগষ্টের পর সন্ত্রাসী মূলক কার্যক্রমের মামলা রয়েছে। পরে তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় সৌপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, কালো তালিকাভুক্ত কোনো আসামিরা যাতে পালাতে না পারে এজন্য ইমিগ্রেশন পুলিশ সতর্ক থেকে কাজ করছে। এ রুটে পালানোর সুযোগ নেই।

