পাহালগামে জঙ্গি হামলার পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানে লাগাতার প্রত্যাঘাত চালিয়ে যাচ্ছে ভারত। এর মধ্যেই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছাকাছি একটি ভারতীয় ড্রোন ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি-র প্রতিবেদনে জানা গেছে, ড্রোনটি নজরদারির উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল বলে সন্দেহ করছে পুলিশ। পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক ফরিদ খানও এ হামলার প্রতিক্রিয়া জানিয়েছেন টুইট করে। তিনি বলেন, ‘রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে একটি ভারতীয় ড্রোন গাছে ধাক্কা মারে। অথচ স্টেডিয়ামটি পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) ম্যাচগুলি আয়োজন করছে। ভারতের কাপুরুষোচিত কাজ এগুলো। আমরা একসঙ্গে পাকিস্তান ঐক্যবদ্ধ। পাকিস্তান জিন্দাবাদ।’ ড্রোন ভেঙে পড়ার ফলে দুইজন বেসামরিক নাগরিক আহত হন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও স্টেডিয়ামের পাশের একটি রেস্তোরাঁ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। ড্রোনটি কোথা থেকে এসেছিল, তাতে কোনো বিস্ফোরক বা নজরদারি যন্ত্র ছিল কি না—সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে আজকের পিএসএল ২০২৫-এ পেশোয়ার জালমি বনাম করাচি কিংসের ম্যাচ অনিশ্চয়তার মুখে পড়েছে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ঘটনাস্থলের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে, যা ঘিরে আতঙ্ক আরও ছড়িয়ে পড়ছে। এদিকে নিরাপত্তাজনিত উদ্বেগে ইংল্যান্ডের পিএসএল অংশগ্রহণকারী ক্রিকেটারদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) একটি জরুরি বৈঠকে বসে খেলোয়াড়দের নিরাপত্তা পর্যালোচনা করেছে। অধিকাংশ খেলোয়াড় পাকিস্তানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেও, কয়েকজন খেলোয়াড় দেশে ফেরার কথা ভাবছেন।

