
কৃষি সচিব ইউনুসুর রহমান, অতিরিক্ত সচিব আনোয়ার ফারুকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গাবতলীস্থ বিএডিসি বীজ পরীক্ষাগারে আন্তর্জাতিক স্বীকৃতি লাভের উদ্দেশ্যে আধুনিক বীজ পরীক্ষাগার স্থাপন বিষয়ক সেমিনার আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক বীজ পরীক্ষা এসোসিয়েশন (ISTA) কর্তৃক স্বীকৃতি লাভের উদ্দেশ্যে আধুনিক বীজ পরীক্ষাগার স্থাপন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ, সুপারিশ, করণীয়, বর্তমান কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয় সেমিনারে। উল্লেখ্য, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)’র অর্থায়নে কৃষি মন্ত্রণালয়ের অধীনে মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধিকরণ প্রকল্পের মাধ্যমে আধুনিক বীজ পরীক্ষাগার নির্মাণসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে কৃষি সচিব ইউনুসুর রহমান প্রধান অতিথি এবং অতিরিক্ত সচিব ও বীজ উইংয়ের মহাপরিচালক আনোয়ার ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএডিসি’র সচিব দেলোয়ার হোসেন, মহাব্যবস্থাপক (বীজ) মো. আজিজুল হক ও বীজ বিশেষজ্ঞ ড. মো. নজমুল হুদা উপস্থিত ছিলেন। বিএডিসি, বীজ উইং, কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার কর্মকর্তারা এ সেমিনারে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউনুসুর রহমান বলেন, কৃষি উন্নয়নে বীজ একটি মুখ্য উপকরণ। দেশে মানসম্পন্ন বীজ ব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে। মানসম্পন্ন বীজের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে ফসলের শতকরা ১৫-২০ ভাগ উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। মানসম্পন্ন বীজকে কেন্দ্রবিন্দু ধরেই খাদ্য নিরাপত্তা অর্জনের পরিকল্পনা গ্রহণ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, গুণগত মানসম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক বীজ পরীক্ষা এসোসিয়েশনের নীতিমালা অনুসরণ করতে হবে এবং সে লক্ষ্যে আমাদের বীজ পরীক্ষাগারগুলোর উন্নয়ন ঘটাতে হবে। এই সংস্থাটির স্বীকৃতির মাধ্যমে বীজ রপ্তানি নিশ্চিত হবে এবং দেশে-বিদেশে সরকারি সংস্থা হিসেবে বিএডিসি’র ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বর্তমান সরকারের সময়ে খাদ্য রপ্তানি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার এখন বীজ রপ্তানির পরিকল্পনা করছে।
বিশেষ অতিথি আনোয়ার ফারুক বলেন, আশির দশকের তুলনায় বিএডিসি বর্তমানে অনেকগুন বেশি বীজ সরবরাহ করে। বীজের অধিকতর মানোন্নয়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে বিএডিসি’র লোকবল বৃদ্ধি করা প্রয়োজন বলে জানান তিনি। বিএডিসি’র বীজ পরীক্ষাগার আধুনিকায়ন হলে বেসরকারি খাতও এর সুফল ভোগ করবে বলে উল্লেখ করেন তিনি।
সেমিনারের সভাপতি বিএডিসি’র সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) রমজান আলী বীজ পরীক্ষাগারগুলোর সঠিক ও সুষ্ঠু ব্যবহারের জন্য কর্মকর্তাদের প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি বিএডিসি’র কর্মকর্তাদের আরো বেশি দায়িত্বশীল ও ত্যাগী মনোভাব নিয়ে কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান।
সেমিনারের শুরুতে মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মুহাঃ আজহারুল ইসলাম তার স্বাগত বক্তব্যে বলেন, এ প্রকল্পের জন্য আইডিবি থেকে ২.৪ শতাংশ সুদে ২৪৭ কোটি টাকা ঋণ নেয়া হয়েছে। প্রকল্পের আওতায় বিএডিসি, ব্রি, বিএআরআই’র অবকাঠামো উন্নয়ন, বীজের মানোন্নয়ন ও মানবসম্পদ উন্নয়নসহ বহুমুখী কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। বর্তমানে বিএডিসি’র আওতায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট একটি আধুনিক বীজ পরীক্ষাগার নির্মাণের কাজ চলছে যা চলতি বছর জুলাই মাসের মধ্যে শেষ হবে বলে জানান তিনি। এ পরীক্ষাগারের জন্য আধুনিক যন্ত্রপাতি ইতোমধ্যে ক্রয় করা হয়েছে। পরীক্ষাগারটি ISTA Accreditation নিতে পারলে বাংলাদেশের বীজ আন্তর্জাতিক মানের নিশ্চয়তা পাবে এবং তা বীজ রপ্তানিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
সেমিনারে মূল প্রবন্ধে মহাব্যবস্থাপক (বীজ) বিএডিসি’র বর্তমান বীজ উৎপাদন কার্যক্রম, পরীক্ষণ সুবিধা, বীজ সরবরাহ পদ্ধতি এবং ভবিষ্যৎ কার্যক্রমসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। বীজ বিশেষজ্ঞ ড. মো. নজমুল হুদা তার প্রবন্ধে আন্তর্জাতিক বীজ পরীক্ষা এসোসিয়েশনের স্বীকৃতি লাভের উদ্দেশ্যে কি কি সুবিধাদি থাকা প্রয়োজন এবং করণীয় সম্পর্কে আলোকপাত করেন। এ ছাড়া কারিগরি পর্বে বিএডিসি’র গম, ভুট্টা, ধান, সবজি, ডাল-তৈল বীজ, আলুবীজ ও পাটবীজ পরীক্ষায় বিএডিসি’র বিদ্যমান সুযোগ-সুবিধা বিষয়ে আরো ৫টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

