পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এলাকায় বাংলাদেশ সীমান্তে ঢুকে জেলেদের ৩টি নৌকা ও জাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় বিএসএফের বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ভারত সীমান্তবর্তী কালিন্দি নদীর উলোখালীর চর এলাকায় এ ঘটনা ঘটে। বাড়িতে ফিরে আসা জেলে শ্যামনগর উপজেলার টেংরাখালি গ্রামের রমজান আলী জানান, গত ১০ এপ্রিল কৈখালী ফরেস্ট স্টেশন থেকে অনুমতি নিয়ে আটজন ৩টি নৌকায় সুন্দরবনের নদীতে মাছ ধরতে যায়। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে আমরা সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে উলোখালী চর এলাকায় চরপাটা জাল দিয়ে মাছ ধরছিলাম। সন্ধ্যার পরে ওপার থেকে স্প্রিডবোর্টে হঠাৎ ভারতীয় বিএসএফ এসে নৌকায় লাঠি দিয়ে আঘাত করে আমাদের নৌকা থেকে নামিয়ে দেয়। এরপর ৩টি নৌকা ও জাল নিয়ে যায়। পরবর্তীতে আমরা সুন্দরবনের মধ্য দিয়ে পায়ে হেঁটে উপকূলের উদ্দেশ্যে রওনা হই। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে অন্য জেলেদের নৌকায় বাড়িতে ফিরেছি। নৌকা জাল হারানো জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের মোহাম্মদের ছেলে রমজান আলী, শাহাজান আলী, ফরেজ গাজীর ছেলে শাহাদাত গাজী, শাহাজান গাজী, আতাউর গাজী, সৈয়দ গাজীর ছেলে আব্দুল গাজী, মানিকপুর গ্রামের কেরামত ও কৈখালীর নুর মোহাম্মদ। রমজাননগর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু জানান, জেলেরা সবাই বাড়িতে ফিরেছেন। ভারতীয় বিএসএফ অন্যায়ভাবে তাদের উপর এই কাণ্ড ঘটিয়েছে। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা আব্দুস সালাম বলেন, অনুমতিপত্র নিয়ে জেলেরা পাটা জাল দিয়ে মাছ ধরছিলেন। সেখান থেকে ভারতীয় বিএসএফ ৩টি নৌকা নিয়ে গেছে বলে জানতে পেরেছি। জেলেদের অফিসে আসতে বলা হয়েছে। আসলে বিস্তারিত জানা যাবে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, আমরা বিজিবির সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, আবেদন করলে বিএসএফের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

