ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ হতে আঠারবাড়ী পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের ঈশ্বরগঞ্জ অংশের ৩ কিলোমিটার সড়কের কাজের কোন অগ্রগতি নেই। প্রকল্পের মেয়াদ শেষ তবুও বাকি পরে আছে রাস্তার কাজ। প্রতিনিয়তই দুর্ঘটনায় পরতে হচ্ছে পথযাত্রীদের। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০.৩০ ঘটিকায় এলাকার সর্বস্তরের মানুষ দ্রুত সময়ের ভিতরে রাস্তার অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করার দাবিতে এ মানববন্ধন করেছেন। সে সময় এলাকার স্থানীয় বাসিন্দারাসহ স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দা সোহেল মিয়া বলেন, ২০২২ সালে এই রাস্তার কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো কাজ শেষ হয়নি। দ্রুত সময়ের মধ্যে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য পরিশোধ করে রাস্তার কাজের বাস্তবতা চাই। নিরাপদ সড়ক চাই ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নূর হোসাইন কাঞ্চন বলেন, দ্রুত সময়ের মধ্যে আমাদের এই রাস্তার কাজ শেষ করা না হলে প্রয়োজনে এলাকাবাসীকে নিয়ে আরো কঠোর আন্দোলনে যাবো। উল্লেখ্য, ঈশ্বরগঞ্জ হতে আঠারোবাড়ি পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক নির্মাণে ২০২০ সালের মার্চে কার্যাদেশ দেওয়া হয়। ১১৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ ২০২২ সালের জুনে সম্পন্ন করার কথা ছিল। সড়কটির অন্য অংশে কাজ শেষ হলেও ঈশ্বরগঞ্জ পৌরসভা অংশে অন্তত ৩ কিলোমিটারজুড়ে কাজ করা হচ্ছে না। অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা না পেয়ে জমি ছাড়তে না চাওয়ায় আটকে আছে সেখানের নির্মাণকাজ। সড়কটির কাজ শেষ না হওয়ায় দিন দিন বাড়ছে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অধিগ্রহণ জটিলতার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে না পারায় অব্যাহতি চেয়ে সড়ক বিভাগের কাছে আবেদন করেছিল। কিন্তু সড়ক বিভাগ আবেদন প্রত্যাখ্যান করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়েই কাজ করানোর সিদ্ধান্ত নেয়। উপজেলার সোহাগি ইউনিয়ন ও ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কিছু অংশের কাজ দীর্ঘ সময় ধরেও সড়কের কাজ শেষ না হওয়ায় ভোগান্তির কবলে পড়তে হচ্ছে চালক ও যাত্রীদের। ধুলোবালিতে নাকাল মানুষের জনজীবন।

