সুন্দরবন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১১০ কেজি হরিণের মাংসসহ এক চোরা শিকারীকে আটক করেছে কোস্টগার্ড। গত মঙ্গলবার সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০ টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান টহল দলের সদস্যরা সুন্দরবন সংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফের অন্যতম সহযোগী শাহজাহান, অনু এবং একজন অজ্ঞাত ব্যক্তি কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংসসহ ২ টি নৌকা রেখে পালিয়ে যায়। পরে নৌকায় দুটিতে তল্লাশি করে ১১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আরিফুল সরদার নামে এক শিকারীকে আটক করা হয়। আটকৃত ব্যক্তি খুলনার দাকোপ থানার বাসিন্দা। তাকে জব্দকৃত হরিণের মাংস বনবিভাগের নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।

