জুলাই, পিলখানা ও শাপলা গণ হত্যার বিচার ও গণ হত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে ওয়ারিয়ার্স অফ জুলাই এবং জুলাই যোদ্ধা ইউনিট পঞ্চগড়। রবিবার সকালে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে গণ অভ্যুত্থানে অংশ নেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসহ শহীদ পরিবারের স্বজনরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য ওয়ারিয়ার্স অফ জুলাই পঞ্চগড়ের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদ রানা, সদস্য সচিব একেএম সাজ্জাদুর রহমান আকাশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আতিকুর রহমান, ইসলামী আন্দোলন পঞ্চগড়ের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ গণঅভ্যত্থানে নিহত পঞ্চগড়ের ৫ শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা জানান, আওয়ামী লীগের শাসনামলে জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যাসহ সকল হত্যাকান্ডের বিচার করতে হবে। খুনি হাসিনা ভারতে আরাম আয়েসে দিন কাটাচ্ছে। খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার পর নির্বাচন দিতে হবে। তার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

