৭ বছর যাবত ভেজাল ঘি ও দুধের ব্যবসা করতেন ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামের কমল ঘোষ ও তার ভাই দিলীপ ঘোষ। অবশেষে গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েছেন তারা। শনিবার (৬ এপ্রিল) দিনগত রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত ডিবি পুলিশের একটি দল হাবাসপুর গ্রামে এই অভিযান চালায়। এ সময় ২০ লিটার ভেজাল ঘি ও ৩০০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়। আটক করা হয় স্থানীয় অশোক ঘোষের দুই ছেলে কমল ঘোষ ও দিলীপ ঘোষকে। এছাড়া ভেজাল দুধ ও ঘি তৈরীর কাজে ব্যবহৃত কস্টিক সোডা, পামঅয়েল, সয়াবিন তেল, জেলী ও মেশিন জব্দ করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম রোববার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। পুলিশ সুপার আরও জানান, গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্যার তত্ত্বাবধানে এসআই রুবেল আহমেদ নেতৃত্বে এএসআই শিমুল পারভেজসহ গোয়েন্দা পুলিশের একটি দল এই অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভেজাল দুধের কারবারি কমল ও দিলীপ এসব বিষয় স্বীকার করেন। তারা বলেন ৫০০ গ্রাম দুধ ও ৫০০ গ্রাম পামঅয়েল দিয়ে বিক্রয় করা হয়। এছাড়া সয়াবিন তেল ও জেলীর সাথে মাখন মিশিয়ে জ্বাল দিয়ে ঘি বানাতেন তারা। দীর্ঘ ৭ বছর যাবত তারা এই ব্যবসা করে আসছেন। পুলিশ সুপার আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এই ধরনের অভিযান অব্যহত থাকবে।

