
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লজ্জা একটু হলেও ভেঙেছে বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল পূর্বে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মায়া বলেন, বাংলার দামাল ছেলেদের এই বিজয়ে খালেদা জিয়ার লজ্জা একটু হলেও ভেঙেছে। খালেদা জিয়া ১২ ঘণ্টা হরতাল শিথিল করেছেন। কিন্তু অবরোধ তুলেন নাই। দেশের মানুষ যেন খোলা মনে আনন্দ-উল্লাস না করতে পারে সেই জন্য তিনি অবরোধ প্রত্যাহার করেন নাই। ইতোমধ্যেই জনগণ তাকে আস্থাকুড়ে নিক্ষিপ্ত করেছে।
তিনি বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে ক্রিকেট, ফুটবল বিজয় হয় এমন কী পাহাড়ও বিজয় হয়। আর খালেদা জিয়া ক্ষমতায় থাকলে দেশে ধ্বংস হয়।’
ত্রাণমন্ত্রী বলেন, ‘এই সরকার ২০১৯ সাল পর্যন্ত থাকবে। একটার পর একটা বিজয় ছিনিয়ে আনবে। এই বিজয় জাতির বিজয়। যারা এই বিজয় ছিনিয়ে এনেছে তাদের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাই। বিশ্ব বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করি এই দামাল ছেলেরা সেটাও পারবে।’
লিবিয়ায় বাংলাদেশি অপহরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দেশে বিএনপি মানুষ পুড়িয়ে হত্যা করছে। বিএনপি ও আইএসের কর্মকাণ্ড একই সূত্রে গাঁথা। খালেদা জিয়াকে একদিন জনগণের কাছে জবাবদিহি করতে হবে।’
এর আগে সকাল ১০টা থেকে বিভিন্ন সংগঠন জাতীয় পতাকা ও ব্যানার হাতে আনন্দ মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আসতে থাকে। মিছিল থেকে ‘জিতিলোরে জিতিলো, বাংলাদেশ জিতিলো’ ‘বিজয়ের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’সহ হরতাল-অবরোধ বিরোধী স্লোগান দিতে থাকে তারা।
এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, দলটির অঙ্গ-সহযোগী সংগঠন আনন্দ মিছিল করে।

