কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘুষ ও চাঁদা দাবির অভিযোগে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিসায়াল ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আমলি আদালতে মো. মেহেদী হাসান নামে এক ইলেকট্রিশিয়ান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মো. মোমিনুল হক মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ মের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ ইলেকট্রিশিয়ান মেহেদী হাসানের ভাই সিএনজিচালক আবুল কালামকে উপজেলার কোম্পানীগঞ্জ নগরপাড় সিএনজি স্টেশন থেকে পুলিশ ধরে নিয়ে যায়। খবর পেয়ে তার ভাইকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করলে ওসি জাহিদুর রহমান ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। এর আগে, উল্লেখিত অন্য আসামিরাও তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বৃহস্পতিবার দুপুরে তিনি হাজির হয়ে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, গত ২৪ মার্চ রাতে সিএনজিচালক আবুল কালামকে পুলিশ মুরাদনগর থানায় ধরে নিয়ে গেলে তাকে ছাড়ানো জন্য সেখানে যান স্থানীয় যুবদল নেতাকর্মীরা। এ নিয়ে সেখানে হট্টগোল তৈরি হয়। তাকে ছাড়িয়ে নিতে থানায় গেইট ভাঙচুর চালানো হয়। ওই ঘটনার প্রেক্ষিতে পুলিশ এবং এক ছাত্র সমন্বয়ক বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।

