পর্যটন নগরী কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁও জালালাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাহারছড়া এলাকায় পানিতে ডুবে একই গ্রামের ৩ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছে বর্ণিত এলাকার মনজুর আলমের কণ্যা মরিয়ম (৯), ইউসুফ নবীর কণ্যা রিয়া মনি (৯), জাফর আলমের কণ্যা তসলিমা (৮)। জানা যায়, সোমবার (২৪ মার্চ) দুপুরে গ্রামের একটি বিলে শাক তুলতে যায় শিশুরা। এরপর থেকে তাদের খোঁজ পায়নি পরিবার। নিহত মরিয়মের পিতা মনজুর আলম জানান, গ্রামের একটি ছেলের কাছে খবর পেয়ে বিষয়টি সন্দেহজনক লাগলে জাল নিয়ে বিলে ছুটে যান তিনি। পরে বিলের পানিতে জাল ছিটকে মারলে প্রথমবারেই নিজ কন্যার মরদেহ জালে আটকায়। একে একে আরও দুইবার জাল মেরে স্থানীয়দের সহায়তায় নিখোঁজ শিশুদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন বলে জানান মঞ্জুর আলম। বিলের এতো পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টির কারণ জানতে চাইলে এলাকাটির বাসিন্দারা জানান, বিগত কয়েকমাস আগে জালালাবাদের এ ধনকা বিল থেকে প্রচুর পরিমাণে কাটা হয়েছে টপ সয়েল। বিপুল পরিমাণে মাটি লুট করার ফলে জমিতে গভীর গর্তের তৈরি হয়েছে পরে ধান চাষ করতে ফসলি জমিতে পানি ঢুকালে গর্তগুলো পানিতে ভরে যায়। এতে বুঝার উপায় নেই কোনটা গর্ত আর কোনটা সমতল। আর এ গর্তের পানিতে পড়েই মৃত্যু হয় এ শিশুদের। তবে এই বিষয়ে ময়না তদন্ত হবে কিনা থানার অফিসার ইনচার্জ মশিউর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পরিবার চাইলে হবে। দুর্ঘটনার সংবাদে থানার অফিসার ইনচার্জ এবং জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি তাদেরকে দেখতে যান। ৩ শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

