ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেসালি গ্রামে ভুট্টা ক্ষেত থেকে এক জীবিত নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়েছে। স্থানীয় এক নারী গরুর গোবর কুড়াতে গিয়ে শিশুটির কান্নার শব্দ শুনে তাকে দেখতে পান। পরে তিনি শিশুটিকে উদ্ধার করে পরিচ্ছন্ন করেন এবং গোসল করান। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে ঠাকুরগাঁওয়ের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা নবজাতকটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেন। ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রাকিবুল আলম (চয়ন) জানান, নবজাতক শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে এবং তার শারীরিক অবস্থা ভালো। স্থানীয় প্রশাসন নবজাতকের পরিচয় ও কে বা কারা তাকে ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটির ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নবজাতকের নিরাপত্তা ও তার যথাযথ পরিচর্যার দাবি জানিয়েছেন।

