পর্যটন নগরী কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারে ৯টি দোকানঘর ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল ৬টা ১৫ মিনিটের সময় বর্ণিত বাজারের ইউনিয়ন ব্যাংকের পশ্চিম গলি ও মাছ বাজারের দক্ষিণ গলি সংলগ্ন তানিয়া স্টোরসহ মোট ৯টি দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কয়েক প্রত্যক্ষদর্শী জানান, সেহরির শেষে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে আসার সময় হঠাৎ আকাশের দিকে আগুনের ধোঁয়া। ঘটনাস্থলে গিয়ে দেখে দরজা বন্ধ করা একটি দোকানের ভিতর আগুন। খবর পেয়ে চকরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করে দীর্ঘ ১ ঘন্টা ৪০ মিনিট প্রচেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেও তারার জানান। তবে ততক্ষণে ৯টি দোকান পুড়ে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা অনুমান করেন।

