দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলাপরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। মাদক, সন্ত্রাস ও অপরাধমূলককার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ৭ মার্চ রাতে টেকনাফ উপজেলাস্থ হোয়াইক্য ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বালুখালী নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। অভিযানকালে অপহরণ চক্রের মূল হোতা এবং কুখ্যাত মাদক ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিন কেতার ২ সহযোগীসহ আটক করা হয়। এ সময় তার বাসা হতে অপহরণের শিকার নরসিংদীর মনোহরদি উপজেলার বাসিন্দা আরেফুল ইসলাম শুভ নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। অপহরণের শিকার ব্যক্তি গত ৩ মার্চ নরসিংদী হতে কাজের সন্ধানে টেকনাফ বাসিন্দা মজিবের নিকট আসলে মজিব তাকে কাজনা দিয়ে হেলাল উদ্দিনের আস্তানায় একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। চক্রটি অপহৃত ব্যক্তির পরিবারের নিকট ২ লক্ষ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে বলে জানাযায়। আটককৃত হেলাল উদ্দিনেরবাড়ি ও তৎসংলগ্ন এলাকা তল্লাশি করে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৪ টি আগ্নেয়াস্ত্র ৭ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালানসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানাযায়। এছাড়াও গতকাল সন্ধ্যায় পৃথক অভিযানে টেকনাফ উপজেলাস্থ বাহার ছড়া ইউনিয়নের শ্যামলাপুর বাজার হতে ইজিবাইক ও টমটম হতে চাঁদা তোলার সময় হাতে নাতে ৩ চাঁদাবাজকে আটক করা হয়। অপরদিকে হাতিয়া উপজেলার ৭ নং তমরদ্দি ইউনিয়ন বাজার সংলগ্ন ব্রিকফিল্ড এলাকাহতে আফসার উদ্দিন জিয়া নামের আরেক অপরাধীকে আটক করা হয়েছে। আটককৃত আফসার উদ্দিন জিয়ার বিরুদ্ধে হাতিয়া থানায় তমরদ্দি ঘাটের সহিংস হামলাসহ চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগে মামলা রয়েছে। পরবর্তীতে আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

